নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমা বেগম (৫১) নামের এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম একই উপজেলার বামনকোলা গ্রামের সাইদুল খাঁ’র স্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজির হাট এলাকায় সড়ক পার হচ্ছিল নাজমা বেগম। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম মারা যায়। পরে বাস থামিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।
নাজমা বেগমের মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
