লিওনেল মেসিকে বার্সেলোনায় ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। কাতার বিশ্বকাপের পর থেকে তিনি যোগাযোগ রেখে চলেছেন মেসির বাবা জর্জ মেসির সঙ্গে। তিনিই ছেলের এজেন্ট। স্পেনের সংবাদমাধ্যমের দাবি, পুরোনো ক্লাবে ফিরতে নাকি কঠিন শর্ত দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে আগামী জুনে চুক্তি শেষ হবে মেসির। তাকে ধরে রাখতে আগ্রহী ফ্রান্সের ক্লাবটি। বার্সেলোনাও চায় ঘরের ছেলেকে ফিরে পেতে। ২০২৪ সালে বার্সোলোনার ১২৫ বছর পূর্তি। ক্লাবের বিশেষ এই মৌসুমে মেসিকে আবার বার্সেলোনার জার্সি পরাতে চান লাপোর্তা।
১২৫ বছরের অনুষ্ঠানে মেসিকে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে বার্সা সভাপতির। কিন্তু সমস্যা একটাই, বাজারদর অনুযায়ী মেসিকে টাকা দিতে পারবে না বার্সেলোনা। ক্লাবের আর্থিক অবস্থা তত ভাল নয়। মেসিকে আনতে দলের দুই ফুটবলারকে বিক্রি করে দেওয়ার নির্দেশও দিয়েছেন লাপোর্তা। তাতেও যথেষ্ট অর্থ সংস্থানের সম্ভাবনা কম।
বার্সেলোনার প্রতি আলাদা আবেগ রয়েছে মেসির। কারণ, আর্জেন্টাইন জাদুকরের ফুটবলার হিসেবে গড়ে ওঠা এখানেই। ২০২১ সাল পর্যন্ত টানা বার্সেলোনার হয়েই খেলেছেন তিনি। কিন্তু পেশাদার ফুটবলার কি ন্যূনতম টাকায় খেলতে রাজি হবেন? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
স্পেনের সংবাদমাধ্যমের দাবি, কম টাকায় বার্সেলোনায় ফিরতে আপত্তি নেই মেসির। তবে রয়েছে একটি কঠিন শর্ত। তা হল, সংবর্ধনা অনুষ্ঠান থেকে আয়ের একটা বড় অংশ দিতে হবে তাকে।
মেসি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। স্পেনের সংবাদমাধ্যমের দাবি, বার্সেলোনা সভাপতির নাছোড় মনোভাবের কথা বাবার কাছে শুনেছেন মেসি। তার পর বাবার মাধ্যমে তিনি নাকি বার্সেলোনা কর্তৃপক্ষকে এই বার্তা পাঠিয়েছেন।
