গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
কারাগারের জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।
মারা যাওয়া ওই বন্দির নাম সম্ভু কুমার শর্মা (৬২)। তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানার গোপগ্রাম জোতপাড়া এলাকার হেরন্দ্রনাথ শর্মার ছেলে।
জেলসুপার জানান, সম্ভু কুমার শর্মা ভোরে কার অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৩টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্ভু কুমার শর্মা বিডিআর বিদ্রোহ মামলায় ১৬ বছর সাজা প্রাপ্ত কয়েদি ছিলেন।
