ব্যান্ড তারকা পার্থ বড়ুয়ার সঙ্গে চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন নিশিতা বড়ুয়া। ‘মেইড ইন চিটাগং’ চলচ্চিত্রে পার্থ বড়ুয়া ও নিশিতার গাওয়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান ‘ফেট ফুরেদ্দে তোঁয়াল্যাই’ জনপ্রিয় হয়েছে। এবার পার্থ বড়ুয়া ও নিশিতা নতুন করে গাইলেন কালজয়ী ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি। এই গানে তাদের সঙ্গী শত শিশুশিল্পী। গত শুক্রবার স্টুডিওতে শত শিশুশিল্পীর কণ্ঠে ধারণ করা হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ঐতিহাসিক গানটি যার সুর করেছিলেন আনোয়ার পারভেজ। স্বাধীনতা দিবস উপলক্ষে গানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে গানটি তৈরি হয়েছে। গানটির সার্বিক দায়িত্বে রয়েছেন গীতিকার আশরাফ বাবু। শত শিশুদের সঙ্গে গানটি গাওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে পার্থ বড়ুয়া বলেন, ‘শিশুশিল্পীদের সঙ্গে কাজ করতে আমার বেশ ভালো লাগে। তাদের সঙ্গে এই গানের অভিজ্ঞতা অন্য রকম। আশা করছি, গানটি শত শিশুর কণ্ঠে বেশ ভালো লাগবে।’ শিশু একাডেমির মহাপরিচালক ছড়াকার আনজীর লিটন বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে শত শিশুর কণ্ঠে জয় বাংলা গানটি করার পরিকল্পনা করেছিলাম। আমাদের আয়োজনটি সত্যিই ভালো হয়েছে।’
গতকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বেলা ১১টায় শিশু একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে শত শিশুশিল্পীর সঙ্গে ‘জয় বাংলা’ গানটি পরিবেশন করেন পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। এর আগেও ছোটদের নিয়ে গান করেছেন পার্থ বড়ুয়া। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ১২টি জনপ্রিয় ছড়ায় কণ্ঠ দিয়েছে জাতীয় শিশু পুরস্কারপ্রাপ্ত ১২ শিশুশিল্পী।
