ক্যারিয়ারের চতুর্থ সিনেমাতেই সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ। ‘ম্যায়নে পিয়ার কিউ কিয়া’র পর আরও অনেক সিনেমায় দর্শকের মন জয় করেছেন এই জুটি। চলতি বছর দিওয়ালিতে টাইগার ফ্র্যাঞ্চাইজির ‘টাইগার থ্রি’ দিয়ে আবারও পর্দায় আসতে চলেছে ক্যাটরিনা-সালমান জুটি। তবে এটাই নাকি এই জুটির শেষ সিনেমা। এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক উমাইর সান্ধু। সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জন কোন পর্যায়ে পৌঁছেছিল সে কথা কারও অজানা নয়। তাদের প্রেম না টিকলেও দিব্যি একসঙ্গে জুটি বেঁধে সিনেমা করে গেছেন তারা। ২০২১ সালের শেষ দিকে ভিকি কৌশলের সঙ্গে ঘর বাঁধেন ক্যাটরিনা। বিয়ের পর ‘টাইগার থ্রি’তে সালমানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা। এতেই নাকি আপত্তি ভিকি কৌশলের। তাই সালমানের সঙ্গে আর অভিনয় করবেন না ক্যাট। উমাইর সিন্ধু তার টুইটে লিখেন, ‘‘ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘টাইগার থ্রি’ সালমান খানের সঙ্গে তার শেষ সিনেমা। এরপর তার সঙ্গে আর কোনো কাজ করবেন না।’’ ভিকি কৌশল ক্যাটরিনাকে সালমানের সঙ্গে কাজ করা নিয়ে সতর্ক করেছেন। এ কারণেই নাকি ক্যাটরিনা এই সিদ্ধান্ত নেন। তবে এখন পর্যন্ত ক্যাটরিনা কাইফ নিজে কিছু বলেননি। তবে এ নিয়ে এখন বিটাউনে আলোচনা চলছে। টাইগার ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো ‘টাইগার থ্রি’তেও সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটারিনা কাইফ। সুপার স্পাই জোয়া চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। সিনেমায় খলচরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ শাহরুখ খান। অতিথি চরিত্রে দেখা যাবে বলিউডের বাদশাকে। চলতি বছরের দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
×
