প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের লেনদেন আজ সোমবার শুরু হতে যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একযোগে ব্যাংকটির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
মিডল্যান্ড ব্যাংকের শেয়ার ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে। কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘গওউখঅঘউইঘক’। আর কোম্পানি কোড হবে ১১১৫৪। এর আগে গত ২২ মার্চ ব্যাংকটির শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
পুঁজিবাজারে অভিহিত মূল্যে ৭ কোটি শেয়ার ছেড়ে ৭০ কোটি টাকা সংগ্রহের জন্য আইপিও আবেদন জানায় মিডল্যান্ড ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থা এসইসির অনুমোদনের পর গত ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে ব্যাংকটি। এই সময় ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে। এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন, যা কোম্পানির আইপিও শেয়ারের ৭৪ শতাংশ।
নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে, তাহলে অবশিষ্ঠ ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে ব্যাংকটির আন্ডার রাইটার ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার শেয়ার কিনে নিয়েছে।
