লম্বা সময় লাল-সবুজে খেলার স্বপ্ন এলিটার

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১১:৩৪ পিএম

একজন পেশাদার ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন থাকে নিজ দেশের হয়ে খেলা। একই স্বপ্ন হৃদয়ে বুনে নাইজেরিয়ায় ফুটবলকে ক্যারিয়ার হিসেবে এক সময় বেছে নিয়েছিলেন এলিটা কিংসলে। তবে তার জীবনে যে এমন বাঁক বদল ঘটবে কে জানত। মাতৃভূমির জার্সিতে খেলার স্বপ্নপূরণ হওয়ার নয় যখন দেখলেন, তখন একপ্রকার আশাই ছেড়ে দিয়েছিলেন। তবে ফুটবলটা পেশা বলেই আরও দশজন আফ্রিকানের মতো ফুটবল ফেরি করতে তিনিও পাড়ি জমান বাংলাদেশে। সেই সিদ্ধান্তই অবশেষে এলিটার জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ করেছে। বাংলাদেশের নাগরিকত্ব মিলে যায় ২০২১ সালে। এরপর থেকেই অপেক্ষা লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামার। সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে গত শনিবার। সিলেশসের বিপক্ষে সিলেটে ৩৩ বছরের এলিটা বদলি হিসেবে খেলতে নামেন বাংলাদেশের হয়ে। তাতে হয়ে যায় ইতিহাস। আর সেই ইতিহাসের ভেলায় চেপে এলিটা চান লাল-সবুজের ক্যারিয়ারটাকে দীর্ঘায়িত করতে।

শনিবার নেমেছিলেন দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের জার্সিতে অভিষেকের দিনটা রাঙাতে জোর চেষ্টা চালিয়েছিলেন গোলের। দুবার লক্ষ্যে শটও নিয়েছিলেন। তবে হয়নি। না হওয়ার কষ্টটা আছে। তবে ততটা তীব্র নয়। একটা স্বপ্ন পূরণের পর গোলের পরের লক্ষ্যটা ঠিকই ছুঁয়ে ফেলার রসদটা কুড়িয়ে নিয়েছেন শনিবারের শেষ ৪৫ মিনিট থেকে। গতকাল সকালে টিম হোটেলে প্রিয়তমা স্ত্রী ও কন্যার সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে এলিটাকে। মুখে একটা তৃপ্তির হাসি লেগেই ছিল। অভিষেকেই দল জিতেছে, তৃপ্তিটা তাতেই, ‘এটা আমার জন্য একটা ঐতিহাসিক ব্যাপার। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এই দিনটির দেখা পেয়েছি আমার স্ত্রী ও কন্যার অনেক আত্মত্যাগ, বাফুফের আন্তরিকতা ও কোচের আমার প্রতি আস্থার জন্য। অভিষেকেই দল জয় পেয়েছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিলাম ব্যবধান বাড়ানোর। স্কোরশিটে নিজের নাম তুলতে পারলে আনন্দটা বহুগুণ বেড়ে যেত। তবে আমি হতাশ নই। বরং অনেক কারণেই অনেক বেশি আত্মবিশ্বাসী।’

২০২১ সালে বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়ার পর থেকেই জাতীয় দলে খেলার স্বপ্নটা বড় আকার ধারণ করে। তবে অনেক শঙ্কাও ছিল। মূলত তাকে খেলানোর ব্যাপারে বাফুফে পুরোপুরি নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত তাড়াহুড়ো করেনি। তাই বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ খেলে ফেলার পরও জাতীয় দলের দরজাটা খুলছিল না। চলতি মৌসুমে আবাহনীর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তার প্রতি আগ্রহ বাড়ে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার। সৌদিতে দুই সপ্তাহের আবাসিক ক্যাম্পেও কোচের আস্থা আদায় করে অবশেষে সিশেলসের বিপক্ষে খুলে যায় ভাগ্যের দরজা। এখন জাতীয় দলের ক্যারিয়ারটা যতটা সম্ভব লম্বা করাই তার লক্ষ্য, ‘আমার যেই বয়স, তাতে ফুটবল চালিয়ে যেতে হলে শরীরের প্রতি অধিকতর নজর দিতে হয়। শরীরের যতœটা আমি সবসময়ই গুরুত্ব দিয়ে নিই। সেটা না করলে এতদিনে চোটে পড়ে খেলাই ছাড়তে হতো। তাই শরীরটা যতদিন চাইবে, খেলাটা চালিয়ে যাব। আশা করি লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারব। তবে তার আগে আমার ওপর যে কারণে দেশ আস্থা রেখেছে, নিয়মিত গোল করে চাইব সেটার প্রতিদান দিতে।’

কাল সিশেলসের বিপক্ষে প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। হয়তো কালই গোলের দেখাটা মিলে যাবে বাংলাদেশের ফুটবল ইতিহাসের প্রথম নাগরিকত্ব পরিবর্তন করে জাতীয় দলে খেলা ফুটবলারের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত