বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫২ বছর পরও আমাদের গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে, আমাদের লড়াই-সংগ্রাম করতে হচ্ছে। আমাদের ভোটের অধিকার হারিয়ে গেছে। আমাদের কথা বলার অধিকার হারিয়ে গেছে।’
গতকাল রবিবার সকালে দলের নেতাকর্মীদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৯টায় বিএনপি মহাসচিব দলের শীর্ষ নেতাদের নিয়ে স্মৃতিসৌধে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের লড়াই করতে দিচ্ছে না, আমাদের ভোটের অধিকার আজ হারিয়ে গেছে, আমাদের কথা বলার অধিকার হারিয়ে গেছে, আমাদের সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার হারিয়ে গেছে। আমাদের দেশে সত্যিকার অর্থে একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ সরকার প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের ৩৫ লাখ নেতাকর্মীকে আজকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। স্বাধীনতার এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভোটের অধিকার ফিরিয়ে আনব। চাল-ডাল-তেলের দাম সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করব। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাব।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।
