আটককারীদের নাম-পরিচয় জানতে চায় হাইকোর্ট

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৩:৩৬ এএম

নওগাঁয় আটকের পর র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন দেখতে চেয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে ওই নারীকে র‌্যাবের কারা আটক করেছিল এবং কাদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের নাম ও পরিচয় জানতে চেয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে আজ মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছে আদালত।

র‌্যাব হেফাজতে সুলতানার মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গতকাল সোমবার নজরে আনা হলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন সুলতানা। র‌্যাবের ভাষ্য, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। এরপর অসুস্থ হয়ে গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তবে স্বজনদের অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের কারণে মারা গেছেন সুলতানা। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি  জেনারেল আবুল কালাম খান দাউদ। শুনানিকালে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চায় এ ঘটনায় ভুক্তভোগী বা অন্য কেউ মামলা করেছে কি না। রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের বরাতে বলেন, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আদালত তখন সুলতানার ময়নাতদন্ত প্রতিবেদন এবং তাকে হেফাজতে নিয়ে কারা জিজ্ঞাসাবাদ করেছিল তাদের নাম ও পরিচয় আজ মঙ্গলবারের মধ্যে দিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আদেশ দেয়। আজ এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।

আইনজীবী মনোজ কুমার ভৌমিক দেশ রূপান্তরকে বলেন, ‘তাকে (সুলতানা) র‌্যাব আটক করল বুধবার। এর মধ্যে ৩২ ঘণ্টা পার হলো। শুক্রবারে তিনি মারা গেলেন। এই মৃত্যুতে এখন পর্যন্ত র‌্যাব বা পুলিশ কেউই একটি মামলা করল না। সুলতানার মৃত্যুর বিষয়টি হাইকোর্ট খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। আদালত আমাকে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে এবং এ বিষয়ে কী ধরনের প্রতিকারের আরজি করলে ন্যায়বিচার হবে সেটি আবেদন আকারে দিতে বলেছেন।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম খান দাউদ দেশ রূপান্তরকে বলেন, ‘কারা তাকে (সুলতানা) আটক ও জিজ্ঞাসাবাদ করেছিল তাদের বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট। ময়নাতদন্ত প্রতিবেদনটিও দেখবে বলেছে আদালত। এরই মধ্যে র‌্যাব ও পুলিশের সঙ্গে যোগাযোগ কার হচ্ছে। আগামীকাল (আজ) হাইকোর্টকে বিস্তারিত অবহিত করব।’

সুলতানার মামা নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক মন্টুর বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুধবার শহরের মুক্তির মোড় থেকে একটি সাদা মাইক্রোবাসে র‌্যাবের লোকজন সুলতানাকে ধরে নিয়ে যায় বলে বিভিন্নজন তাকে মোবাইল ফোনে জানান। দুপুর ১২টার দিকে তার ভাগনির ছেলে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাহেদ হোসেন সৈকত বিষয়টি নিশ্চিত করেন। এরপর সুলতানার স্বজনরা খোঁজাখুঁজি করলেও সন্ধান পাননি। বেলা ২টার দিকে তিনি জানতে পারেন সুলতানা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু হাসপাতালে ভাগনির সঙ্গে দেখা করতে চাইলে র‌্যাব সদস্যরা বাধা দেন বলে অভিযোগ করেন তিনি। এর কিছুক্ষণ পর সুলতানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। যদিও লাশ হস্তান্তর করা হয়েছে গতকাল শনিবার।

এ অভিযোগের বিষয়ে র‌্যাব-৫-এর উপ-অধিনায়ক এএসপি মাসুদ রানা বলেন, আর্থিক প্রতারণার অভিযোগে সুলতানাকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়। কিন্তু আটকের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। রাজশাহীতে নেওয়ার পর তার অবস্থা আরও খারাপ হয়। হাসপাতালে স্ট্রোক করে তিনি মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদ বলেন, তারা জানতে পেরেছেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদের সময় সুলতানা মাথা ঘুরে পড়ে যান। তার মাথায় ছোট একটি লাল দাগ রয়েছে। সিটিস্ক্যান প্রতিবেদনে মস্তিষ্কে রক্তক্ষরণে সুলতানার মৃত্যু হয়েছে। শরীরে অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সুলতানাকে ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হয়নি : র‌্যাব

সুলতানাকে র‌্যাব ক্যাম্পে নিয়ে কোনো নির্যাতন করা হয়নি এবং তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে জানিয়েছে র‌্যাব। এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘তাকে (সুলতানা) ক্যাম্পে নিয়ে কোনো নির্যাতন করা হয়নি। তার মোবাইল ফোনে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর হাসপাতালে মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদনে এসেছে স্ট্রোক করে মারা গেছেন তিনি।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত