পার্টির সংস্কারে দ্রুত কাউন্সিল শেষ করতে বলেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলে পার্টি সংস্কার করতে দ্রুত কাউন্সিল শেষ করতে হবে। সেজন্য জেলাপর্যায়ের নেতৃত্ব এখনই ঠিক করতে হবে।
এমনকি রোজার পর জাপা ব্যাপক সাংগঠনিক কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলেও জানিয়েছেন রওশন। তিনি বলেছেন, আমাদের দরজা সব দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল-মত ও ব্যক্তির জন্য খোলা আছে।
গতকাল সোমবার রাজধানীর গুলশানের এক হোটেলে রওশনপন্থি জাপা আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে রওশন এরশাদ এসব কথা বলেন। এ সময় রোজার মাসে দলের প্রতিটি নেতাকর্মীকে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় জাপায় কোনো বিভেদ নেই বলেও দাবি করেন রওশন এরশাদ।
ইমামতি করলেন কাদের : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ইফতার শেষে মাগরিবের নামাজের ইমামতি করেছেন। পরে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন জাপা চেয়ারম্যানের প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী। পোস্টে দলীয় নেতাকর্মীসহ ইমামতির ঘটনায় প্রশংসা করে মন্তব্য করেন ও পোস্টটি শেয়ার করেন।
