ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন্স অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- কবি জসীম উদ্দীন হলের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান দুর্জয় এবং স্যার এ এফ রহমান হলের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো. সাকিব ফেরদৌস। তারা দুজনই ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সম্প্রতি আলোচিত 'প্রলয় গ্যাংয়ের' সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের অনুমোদন দেয়া হয়েছে। এ বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে বহিষ্কৃত শিক্ষার্থীদ্বয়কে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতের আতঙ্ক ‘প্রলয় গ্যাং’। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের কিছু শিক্ষার্থীর সমন্বয়ে গড়ে ওঠা এ চক্রের সদস্যরা ছিনতাই-চাঁদাবাজি-মারামারিসহ জড়িয়েছে নানা অপরাধে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, এরইমধ্যে মূলহোতাদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে বহিষ্কারাদেশও প্রক্রিয়াধীন। সম্প্রতি এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা হলে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দুই শিক্ষার্থীকেই সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
