হাসপাতাল ছাড়ার আগে সংবাদ সম্মেলন

হাতের চামড়া চটচট করে ফুটছিল : অভিনেত্রী আঁখি

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৩:১০ এএম

ছোট ছোট নতুন চুল গজিয়েছে মাথায়। মুখে কালচে দাগ। দুই হাত দগ্ধ হওয়ায় কিছু জায়গা লালচে, আবার যেখানে নতুন চামড়া লাগানো হয়েছে, সে জায়গাগুলো কালচে হয়ে আছে। শারীরিক এ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করলেন অভিনেত্রী শারমিন আঁখি। শারীরিক ও মানসিক যন্ত্রণা থাকলেও এ অভিনেত্রীর মুখে ছিল আত্মবিশ্বাসের হাসি।

দুই মাস পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী শারমিন আঁখি (২৭)। আইসিইউ থেকে বেঁচে ফেরায় সৃষ্টিকর্তাসহ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে মানসিকভাবে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন জানিয়ে চিকিৎসকরা বলেছেন, এসব ঘটনা থেকে পরিত্রাণ পেতে এখনই সবাইকে সজাগ হতে হবে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাত্রপড় দেওয়া হয় তাকে।

এ সময় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘শরীরের ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শারমিন। সঙ্গে শ্বাসনালিও দগ্ধ ছিল। তাকে কয়েক দিন আইসিইউতে রাখা হয়েছিল। সব মিলিয়ে দুই মাস চিকিৎসাধীন থাকার পর আজ (গতকাল) তাকে ছাড়পত্র দেওয়া হলো। এ জন্য আমরাও অনেক আনন্দিত।’

শারমিন আঁখি বলেন, ‘এখনো আমার সেদিনকার ঘটনা বারবার চোখে ভেসে ওঠে। আমি যখন শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম; কস্টিউম পরার আগে বাথরুমে যাই। সেখানে লাইট চালু করতেই চোখের সামনে বারবার স্পার্ক হতে দেখি। এর কয়েক সেকেন্ডের মধ্যেই নীল আগুনের লাভার মতো চারদিকে ছড়িয়ে পড়ে। বিকট শব্দে বিস্ফোরণ হলে আমি আমার হাত দিয়ে মুখ ঢাকি। তখন আমার হাতের চামড়া চটচট করে ফুটছিল। বিস্ফোরণে বাথরুমের দরজা, ভেতরের সবকিছু তছনছ হয়ে যায়। আমি ছিটকে বাইরে এসে পড়ি।’

তিনি বলেন, ‘ঘটনার পর নানানভাবে কুৎসা রটানো হচ্ছিল যে, আমি বাথরুমে ধূমপান করার সময় সেখানে বিস্ফোরণ হয়। যেটি একদমই সত্য নয়। সেখানে জমে থাকা কোনো গ্যাস থেকেই এ বিস্ফোরণ হতে পারে।’

সংবাদ সম্মেলনে তার স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, ‘দুর্ঘটনাটিতে শারমিন আঁখি ভুক্তভোগী হয়েছে দেখেই হাউজটি এখনো বন্ধ হয়নি। যদি নুসরাত ইমরোজ তিশা এমন ঘটনার শিকার হতো তাহলে পরদিনই শুটিং হাউজটি বন্ধ হয়ে যেত।’

গত ২৮ জানুয়ারি দুপুর ২টার দিকে মিরপুর-১১, কালশী রোড এপেক্স শোরুমের পাশের একটি শুটিং হাউজে এ দুর্ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় আঁখিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত