এখন শুধু বিএনপি নয়, দেশের সাধারণ মানুষও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, ‘নওগাঁয় এক নারী সরকারি কর্মকর্তাকে র্যাব তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। এখন তারা অস্বীকার করছে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে কৃষক দলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম ও খুন করার জন্য র্যাবের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু এরপরও তারা থামেনি। তার সর্বশেষ উদাহরণ জেসমিন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরী, বরকত উল্লাহ বুলু, ডা. জাহিদ হোসেন প্রমুখ।
এদিকে সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ‘স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, ‘সরকারের দলীয় চিকিৎসকদের পকেট ভারী করার জন্য এ ব্যবস্থা করা হয়েছে। এতে জনগণের কোনো কাজ হবে না।’
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘গত ১৪ বছরে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক বিপর্যয় হয়েছে। দলীয়করণের কারণে দেশের স্বাস্থ্য খাতের অবস্থা খারাপ হয়েছে।’
