অনেক আগেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে করেছেন বিশ্ববিখ্যাত আমেরিকান সংগীতশিল্পী নিক জোনসকে। গত ছয়-সাত বছরে বলিউডে অভিনয় করতে দেখা যায়নি তাকে। অভিনয়দক্ষতা দিয়ে হলিউডে নিজের জায়গা করে নিলেও রাগ, ক্ষোভ, কষ্ট থেকে বলিউড ছেড়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান বলিউড ছাড়ার কারণ। ‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে বলিউডে এখন তাকে দেখা না যাওয়ার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘বলিউডে আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না। অনেকের সঙ্গে আমার ঝামেলাও হয়েছিল। নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি।’
প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার এ বিষয়টি সামনে আসায় তার পক্ষে কথা বলেছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা। তিনি প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার পেছনে নির্মাতা করণ জোহর ও শাহরুখ খানকে দায়ী করে বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে করণের বন্ধুত্বের জন্যই প্রিয়াঙ্কাকে বলিউড ছাড়া করেছেন করণ জোহর (অনেকেই জানেন শাহরুখ খান আর প্রিয়াঙ্কার প্রেমের জোর গুঞ্জন ছিল। সংসার বাঁচাতে গৌরী খান শাহরুখকে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ তো দূরের কথা, তার ছায়া মাড়াতেও নিষেধ করেন)। সবাই জানে, করণ জোহর প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। করণ জোহর প্রিয়াঙ্কাকে এতটাই হেনস্তা করেছেন যে তিনি ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন। বহিরাগত ব্যক্তিদের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে হয়রানির শিকার হতে হয়।’
বলিউডে যখন কোণঠাসা প্রিয়াঙ্কা, তখনই তার সামনে আসে বিরাট এক সুযোগ। সেই সুযোগ তিনি কাজে লাগিয়েছিলেন। বলিউডে ‘সাত খুন মাফ’ সিনেমায় কাজ করার সময়ই যুক্তরাষ্ট্রে গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। এরপর সংগীতশিল্পী হিসেবেই পরিচিতি পেয়েছিলেন তিনি। কিন্তু প্রিয়াঙ্কা নিজেকে সংগীতশিল্পী নয়, অভিনয়শিল্পী হিসেবে পরিচয় করাতে চেয়েছিলেন। ২০১৫ সালে আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের পর আলোচনায় আসেন প্রিয়াঙ্কা। এই শোতে অভিনয়ের জন্য টানা দুটি পিপলস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছেন। এরপর হলিউডের কিয়ানু রিভস, দ্য রক, জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন তিনি। তাকে ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভল্যুশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো হলিউডের বড় বাজেটের কাজে দেখা গেছে। সামনে হলিউডের ‘সিটাডেল’ ও ‘লাভ অ্যাগেইন’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে।
