গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর মনে হচ্ছিল জগৎটা বদলে গেছে সাবিনা, সানজিদা, কৃষ্ণাদের। দেশকে দক্ষিণ এশিয়ার সেরার আসনে বসানোর পর ফুটবলাররা পেয়েছিলেন অগুনতি গালভরা প্রতিশ্রুতি। ছয় মাস যেতে না যেতেই সেই স্বপ্নে লেগেছে রূঢ় বাস্তবতার করাঘাত। নেপালকে ফাইনালে হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পাওয়ার পর মাঠে নামার যে সুযোগটা ছিল, তা হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অদক্ষতায়। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়ে দিয়েছে অর্থের সংকুলান করতে না পারায় আগামী মাসে মিয়ানমারে প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে দল না পাঠানোর কথা। বাফুফের ব্যর্থতায় তাই অন্ধকারে সাবিনাদের ভাগ্য।
৫-১১ এপ্রিল মিয়ানমারে হবে ‘বি’ গ্রুপের বাছাইপর্ব, যেখানে স্বাগতিক মিয়ানমার ও বাংলাদেশ ছাড়াও অংশ নেওয়ার কথা ইরান ও মালদ্বীপের। অর্থাৎ ৫, ৮ ও ১১ এপ্রিল তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। সেই সুযোগটা বাফুফে হাতছাড়া করছে টাকা নেই দাবি তুলে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক ভিডিওবার্তায় দল না পাঠানোর ব্যাপারে সরকারের সহায়তা চেয়েও না পাওয়ার বিষয়টি জানিয়েছেন, ‘মিয়ানমারে খেলতে হলে বিমানভাড়া, হোটেল, খাবারের জন্য অনেক টাকা প্রয়োজন। সেই অর্থটা আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চেয়েছিলাম। পরে তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, সরকার কোনো সহায়তা করতে পারবে না। বাফুফেরও এত টাকার সংকুলান করা সম্ভব নয়, তাই আমরা মিয়ানমারে দল পাঠাচ্ছি না।’
সরকার অর্থ বরাদ্দ না দেওয়া প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দেশ রূপান্তরকে বলেন, ‘বিদেশে দল পাঠানোর জন্য হুট করে টাকা চাইলেই তো আমরা তা দিতে পারি না। নিয়ম হচ্ছে, বছরের শুরুতে প্রশিক্ষণ ও অংশগ্রহণ খাতের জন্য ফেডারেশনগুলো একটা আবেদন করে। অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে এ বাবদ যা পাই সেটাই আমরা ফেডারেশনগুলোকে দিই।’
