বাদীকে নগদ ৫০ লাখ টাকা পরিশোধ ও বিয়ে করে সংসার শুরু করায় পাবনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে ধর্ষণের মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক বেগম সামছুন্নাহার এ আদেশ দেন।
এর আগে ১৩ মার্চ একই আদালত বাদীকে ৫০ লাখ টাকা নগদ পরিশোধে বিয়ের শর্তে আসামিকে জামিন দেয়।
আরজুর আইনজীবী কাজী নজিব উল্ল্যাহ হিরু জানান, আদালতের শর্ত মোতাবেক আসামি বাদীকে বিয়ে করেছেন এবং এখন তারা একত্রে ঘর সংসার করছেন। তাই এখন আসামিকে অব্যাহতি দিলে বাদীর কোনো আপত্তি নেই। এরপর আদালত বাদীর বক্তব্য চাইলে একমত প্রকাশ করে এবং আদালত আসামিকে অব্যাহতি দেয়।
একজন নারী আইন শিক্ষানবিশ গত বছরের ১৯ এপ্রিল আরজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা করেন। বাদীর অভিযোগ, প্রথম স্বামীর সঙ্গে বিয়েবিচ্ছেদের পর ২০০১ সালের দিকে আসামির সঙ্গে তার পরিচয় হয়। ২০০৩ সালে তারা বিয়ে করেন। গর্ভের ভ্রুণ নষ্টের চেষ্টা, ফ্ল্যাট কিনে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর বাবার কাছ থেকে ১০ লাখ এবং বাদীর কাছ থেকে ৮ লাখ টাকা নিয়ে ফ্ল্যাট কিনে দেননি, টাকাও ফেরত দেননি আরজু। একপর্যায়ে ভুক্তভোগী জানতে পারেন আসামির প্রথম পক্ষের স্ত্রী এখনো জীবিত এবং তিনি স্ত্রীর সঙ্গে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, আসামি ফারুক হোসেন নামে বাদীকে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তার নাম খন্দকার আজিজুল হক আরজু। শারীরিক সম্পর্ক করতে বিয়ের নামে প্রতারণা করেছেন তিনি।
