মধ্যরাতে মামলার পর ভোরে গ্রেপ্তার সাংবাদিক

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০২:৫২ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে সাভারের আশুলিয়া থানাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

রাজধানীর তেজগাঁও থানায় মো. গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তির করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান। তিনি বলেন, ‘শামসুজ্জামানকে আদালতে পাঠানো হবে।’ তবে গতকাল রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে পাঠানোর তথ্য পাওয়া যায়নি।

মামলার এজাহারে উল্লেখ আছে, ‘২৯ মার্চ ২.১৫ ঘটিকায়’ এজাহার পেয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে।

শামসুজ্জামান গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় নিহত পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের ভাই। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের (৩৫তম আবর্তনের) ছাত্র ছিলেন। পড়ালেখা করার সময়ও তিনি প্রথম আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোররাত ৪টার দিকে তিনটি গাড়িতে মোট ১৬ জন ব্যক্তি শামসুজ্জামানের বাসার সামনে যান। তাদের মধ্যে ৭-৮ জন বাসার ভেতরে ঢোকেন। একজন শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তার ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোনসেট ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যান। বাসায় ১০-১৫ মিনিট অবস্থান করার পর তাকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় যান ওই ব্যক্তিরা।

ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বটতলার নুরজাহান হোটেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন, একজন নিরাপত্তা প্রহরী, শামসুজ্জামানসহ ১৯ জন সাহরির খাবার খান। ভোর পৌনে ৫টার দিকে বটতলা থেকে তারা আবার শামসুজ্জামানের বাসায় যান। দ্বিতীয়বার বাসায় যাওয়ার সময় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু সেখানে উপস্থিত ছিলেন। এ সময় শামসুজ্জামানের বাসায় ছিলেন স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম।

আরিফুল গণমাধ্যমকে বলেন, ‘বাসায় এসে তারা জব্দ করা মালামালের তালিকা করেন। শামসুজ্জামানকে জামাকাপড় নিতে বলা হয়। এ সময় কক্ষের ভেতরে দাঁড় করিয়ে তার ছবি তোলা হয়। ৫-৭ মিনিটের মধ্যে আবার তারা বের হয়ে যান। বাসা তল্লাশির সময় দুবারই বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন উপস্থিত ছিলেন।’

শামসুজ্জামানকে আটকের সময় ওই বাসার মালিককে ডাকেন পুলিশের এক কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা তাকে জানান, শামসুজ্জামানের করা একটি প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রের আপত্তি আছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হচ্ছে।

ছেলের গ্রেপ্তারের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন মা করিমন নেসা। রাতের আঁধারে ছেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই কি দেশের বিচার? শামসের ভাই রবিউল দেশের জন্য শহীদ হইছে। শহীদের ভাইয়ের রক্ত, একই রক্ত। দেশের জন্য জীবন দিয়া গেল যে, সে তার ভাই। আজ তার বাবা নাই।’

করিমন নেসা বলেন, ‘আল্লাহ আমার স্বামীরে নিছে, এক সন্তানরে নিছে। আমি খালি চাই, আমার এই ছেলে বুকে ফিরে আসুক। আমি আর কিচ্ছু চাই না। আমার সন্তান ঘরে থাকব, আমি ওর মা ডাক শুনব।’

উল্লেখ্য, গত রবিবার প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ছবি দেওয়া হয় একটি শিশুর। পোস্ট দেওয়ার ১৭ মিনিটের মাথায় অসংগতিটি নজরে আসে এবং সঙ্গে সঙ্গে তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে সংশোধনীর বিষয়টি উল্লেখসহ পরে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে উক্তিটি ওই শিশুর। বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের।

শামসুজ্জামান শামসের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘স্বাধীনতা দিবসে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার জন্য যে কেউ ক্ষুব্ধ হতে পারেন। তাদেরই একজন মামলা করেছেন।’ তবে কে মামলা করেছেন, সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তাৎক্ষণিকভাবে বাদীর নাম জানাতে পারেননি। গতকাল দুপুরে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ‘বেসরকারি রিহ্যাবিলিটেশন সেন্টারের মধ্যে অনুদান বিতরণ ও বার্ষিক ড্রাগ রিপোর্টের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। রাষ্ট্রও আইন অনুযায়ী চলে। প্রথম আলো যে সংবাদটি প্রকাশ করেছে, সেটা যে মিথ্যা ছিল, তা ৭১ টিভির সংবাদে পরিষ্কার হয়ে উঠে এসেছে। প্রথম আলোর সাংবাদিক সাহেব যে নিউজটি করেছেন সেটা সঠিক ছিল না। যেটা ৭১ টিভির মাধ্যমে আপনারাই প্রকাশ করেছেন। এই সংবাদটা যে ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাপানো হয়েছে ৭১ টিভির মাধ্যমে সেটা স্পষ্ট হয়েছে। এই নিউজটা আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগেনি।’

তবে একজন সাংবাদিককে রাতের অন্ধকারে তুলে নিয়ে যেতে হবে কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার বাদী গোলাম কিবরিয়া রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা। তিনি দেশ রূপান্তরকে জানান, যুবলীগের ঢাকা মহনগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তিনি। একই ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। তিনি প্রথম আলোর রিপোর্টে সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন। কারও দ্বারা প্রভাবিত হয়ে বা কারও চাপের মুখে তিনি মামলা করেননি বলে দাবি করেছেন।

মামলার এজাহারে ঘটনার তারিখ ও সময় উল্লেখ রয়েছে ২৯ মার্চ ২০২৩ ও ১.৩২ ঘটিকা। অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩২ মিনিটে ব্যক্তিগত কাজে বাদী গোলাম কিবরিয়া তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকার আল রাজী হাসপাতালের সামনে অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইল ফোনে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন পোর্টাল ব্রাউজ করছিলেন। ওই সময় দেখতে পান, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রথম আলোর ওয়েবসাইটে একটি ছবিসহ সংবাদ প্রকাশ করে। একই সঙ্গে ওই সংবাদটি পত্রিকাটির ফেসবুক পেজে শেয়ার করে। সংবাদটিতে দেখা যায়, একটি শিশু ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধের ফটকে দাঁড়িয়ে আছে। প্রতিবেদকের দাবি, সেই শিশুটির নাম জাকির হোসেন। রিপোর্টে উল্লেখ করা হয়, শিশু জাকির হোসেন বলে, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।’ সামাজিকমাধ্যমে সংবাদটি ভাইরাল হয়ে যায় এবং সংবাদটি দেশ-বিদেশে অবস্থানরত হাজার হাজার মানুষ তাদের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রিনশটসহ শেয়ার করে। এই ঘটনায় মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের সোনালি গৌরবোজ্জ্বল ভাবমূর্তি নিয়ে বাংলাদেশের জনগণসহ বহির্বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের দিনে এ সংবাদ প্রকাশ করায় বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ও স্বাধীনতার অর্জন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। কিন্তু পরবর্তী সময়ে ৭১ টিভি চ্যানেল ও তাদের অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে জানা যায়, প্রথম আলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা পরিচয় ও মিথ্যা উদ্ধৃতি দিয়ে সংবাদটি পরিবেশন করেছে। যে শিশুটির কথা প্রথম আলোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে তার সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। নাম-পরিচয় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ গতকাল রাতে মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘শামস দুটো কোটেশন দিয়েছিল, একটা এক দিনমজুরের, আরেকটা হচ্ছে এক কিশোরের। সেই রিপোর্টের মধ্যে এখনো সেটা আছে। তারপর আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দিয়েছি তখন ছবিটা গেছে কিশোরের, কোটেশনটা গেছে দিনমজুরের। আমরা যখন দেখেছি দ্রুত সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছি। নিউজটা কিন্তু এখনো আছে এবং নিউজের মধ্যে আমরা সংশোধনী দিয়েছি মিস কমিউনিকেশন হতে পারে বলে। এখানে শামসের বিন্দুমাত্র দোষ নেই।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর যেটা হতে পারত, আমাদের প্রেস কাউন্সিল আছে, সিস্টেম আছে, ওইদিকে যেহেতু যায়নি তাতে বোঝা যায় আমাদের সাংবাদিকতা চাপের মধ্যে আছে। কারণ এখানে ছোট্ট ঘটনায় গভীর রাতে মামলা হয়েছে। খুব ভোরে তাকে বাড়ি থেকে তুলে এনেছে। শামস তো কোনো চুরিও করেনি, অপরাধও করেনি, এটা দুর্ভাগ্যজনক।’

আইনি পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব আইনি প্রক্রিয়া অবলম্বন করছি। শামসের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটি মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার কথা। আমরা অপেক্ষা করছি। আইনি যেসব পদ্ধতি গ্রহণ করতে হয় আমরা আমাদের সহকর্মীর জন্য করব।’

সম্পাদকদের উদ্বেগ : সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং তাকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। গতকাল বুধবার সংগঠনটির পক্ষে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

এ ছাড়া ঢাকার সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসকে তার বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড অব বাংলাদেশ। গতকাল এক বিবৃতিতে বিষয়টি প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তিরও আহ্বান জানিয়েছে সংগঠনটি। সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৫(২), ২৬(২), ২৯(১), ৩১(২) ও ৩৫(২) ধারায় মামলা ও আটকে সম্পাদক পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ ইতোমধ্যেই সাংবাদিকতাসহ বাকস্বাধীনতা ও মুক্তবুদ্ধিচর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সাংবাদিক, আইনবিদ, মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সরকারের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের কাছ থেকেও আইনটির পরিবর্তন, পরিমার্জন, বিয়োজন ও সংযোজনের বিষয়ে নানা ধরনের পরামর্শ, সুপারিশ ও উদ্বেগ প্রকাশ অব্যাহত রয়েছে।’

এতে বলা হয়েছে, ‘আইনটি তৈরির সময় থেকেই সম্পাদক পরিষদ এবং সাংবাদিকরা এ আইনের বিষয়ে উদ্বেগ ও আপত্তি জানিয়ে আসছিলেন। আইনমন্ত্রী এই আইনের বিভিন্ন রকম অপব্যবহার এবং সেই পরিপ্রেক্ষিতে আইনটি সংশোধনের ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু তারপরও এই আইনের মাধ্যমে সংবাদকর্মী ও মুক্তমত প্রকাশকারী ব্যক্তিরা ক্রমাগতভাবে নিপীড়ন ও নির্যাতনের শিকার হচ্ছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে তিনি প্রেস কাউন্সিলে অভিযোগ ও মামলা করতে পারেন। কিন্তু সেটি না করে সরাসরি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হচ্ছে। তাই সাংবাদিকতার স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের দ্রুত সংশোধনসহ সাংবাদিক শামসুজ্জামান শামসসহ সব সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে এই আইনে কেউ গ্রেপ্তার বা আটক থাকলে অবিলম্বে তার মুক্তি দাবি করছে সংগঠনটি।

এডিটরস গিল্ডের বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের কোনোভাবেই গ্রেপ্তার, হয়রানি বা নির্যাতন করা যাবে না। গণমাধ্যমের জন্য মুক্ত ও স্বাধীন কাজের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে এডিটরস গিল্ড বলেছে, প্রথম আলো যদি সাংবাদিকতার নীতিবিরুদ্ধ কোনো প্রতিবেদন প্রকাশ করে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে সাহায্য চাইতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত