বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০১:০৩ পিএম

ঢাকাসহ সারা দেশে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ১৯.০ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৯ মিলিমিটার। এ ছাড়া মাইজদীকোর্টে ৩৮, শ্রীমঙ্গলে ৩০, পোগালগঞ্জে ২৭, মাদারীপুর, ভোলা ও পটুয়াখালীতে ২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত