কূটনীতিকদের ফখরুল

গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করছে বিএনপি

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০২:৫৮ এএম

ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিক, হাইকমিশনারসহ আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানদের নিয়ে ইফতার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ফিরিয়ে আনার জন্য বিএনপি আন্দোলন করছে।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান হোটেল ওয়েস্টিনে এ ইফতারের আয়োজন করা হয়েছিল। ইফতার ও মাগরিবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজেও অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল নেছারুল হক।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। অতি সম্প্রতি আন্দোলন করতে গিয়ে আমাদের ১৭ জন নেতাকর্মী প্রাণ দিয়েছে। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের পদত্যাগ, সংসদে ভেঙে দেওয়া ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি রাজপথে যে আন্দোলন করছে তার সঙ্গে দেশের সাধারণ মানুষও অংশ নিচ্ছে। দেশের বেশিরভাগ সরকারবিরোধী রাজনৈতিক দল রাজপথে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে।’

বিদেশি কূটনীতিকদের মধ্যে ইফতারে অংশ নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি. মান্টিটাস্কি ও পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি। ইফতারে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অংশ না নিলেও দেশটির উপ-হাইকমিশার বিনয় জর্জ অংশ নেন।

এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরাও ছিলেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ফিলিস্তিন, সৌদি আরবের কূটনীতিকরা অংশ নেন।

ইফতারে বিএনপির নেতাদের মধ্যে অংশ নেন ড. খন্দকার মোশাররফ  হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

বিশিষ্টজনদের মধ্যে অংশ নেন অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক বোরহান উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ, এনটিভির প্রধান বার্তা সম্পাদক (সিএনই) জহিরুল আলম। এছাড়া কয়েকজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাও ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত