‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে জনগণ খুশি’

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১২:২৮ পিএম

সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে জনগণ খুশি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, জনগণকে আরও বেশি স্বাস্থ্য সেবা দিতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

শুক্রবার (৩১ মার্চ) সকালে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নার্সদের লাইসেন্স প্রাপ্তির পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিরোধী দল এই সেবা নিয়ে যে অভিযোগ করেছে, তা ঠিক নয়। করোনার সময় বিরোধী দল কোথায় ছিল, তারা তো ভ্যাকসিন নিয়েও বিরোধিতা করেছে।

তিনি আরও বলেন, সকালে মানুষের কাজ থাকে, তাই বিকেলে ডাক্তার দেখাতে বেশি পছন্দ করেন মানুষ। হাসপাতালে বিকেলে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাওয়া যায় না, সেটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

সরকারি হাসপাতালে রোগী দেখার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকার কথাও জানান জাহিদ মালেক। তিনি জানান, এই সেবা নিয়ে সবাই ইতিবাচক কথা বলছেন।

জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে যে পরিমাণ নার্স রয়েছে, তার চেয়ে আরও দ্বিগুণের বেশি প্রয়োজন। তিনি বলেন, আমরা গত দশ বছরে ৩৪ হাজার নিয়োগ দিয়েছি। পর্যায়ক্রমে চাহিদামতো আরও নার্স নিয়োগ দেওয়া হবে।

বিদেশে বাংলাদেশি নার্সের চাহিদা অনেক জানিয়ে জাহিদ মালেক বলেন, আমরাও চাই আমাদের নার্সরা বিভিন্ন দেশে সেবা দিয়ে বাংলাদেশের সম্মান বয়ে আনুক। এজন্য তাদেরকে বিশেষায়িত প্রশিক্ষণের আওতায় এনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৮৫ হাজার নার্স কাজ করছে। এর মধ্যে ৪৫ হাজার সরকারি, আর বাকিরা বেসরকারি। দেশে নার্সদের ৩৫০টি ইনস্টিটিউটে ৩৪ হাজার সিট আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত