আইপিএল খেলতে ভারত পৌঁছেছেন মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে শুক্রবার রাতেই ঢাকায় ফিরেছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই ক্রিকেটার। শনিবার সকালে ভাড়া করা বিমানে ভারতের উদ্দ্যেশে যাত্রা করেন। দুপুরে গন্তব্যস্থলে পৌঁছে যান এই বাঁহাতি পেসার।
মোস্তাফিজ এবারও আইপিএলে খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তার দলের মিশন শুরু হচ্ছে শনিবার থেকেই। বাংলাদেশ সময় রাত ৮টায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি। এ ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনাও রয়েছে।
সকালে বিমানের ভেতর নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন মোস্তাফিজ। ক্যাপশনে লিখেন, ‘আইপিএল ২০২৩ খেলতে ভারতে যাচ্ছি। আমার দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে তর সইছে না।’
দুপুরে বিমানের বাইরের আরেকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নিরাপদে ভারতে অবতরণ করলাম।’
মোস্তাফিজ ছাড়াও এবার বাংলাদেশ থেকে আইপিএলে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। তারা দুজনই খেলবেন কলকাতা নাইট রাইডার্সে হয়ে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে রয়েছেন তারা। ১৪ সদস্যের দলে সাকিব অধিনায়ক, লিটন তার ডেপুটির ভূমিকায়। তাই টেস্ট সিরিজ শেষ করে তারা আইপিএলে যোগ দেবেন।
মোস্তাফিজ টেস্ট স্কোয়াডে নেই। বিসিবির লাল বলের চুক্তিতেই নেই তিনি। তাই লিটন-সাকিবের আগেই তার আইপিএলে যোগ দেওয়া এক রকম নিশ্চিত ছিল। হয়েছে সেটাই। শনিবার টেস্ট স্কোয়াড ঘোষণার আগেই দেশ ছেড়েছেন তিনি।
২০১৬ সাল থেকে আইপিএলে খেলছেন মোস্তাফিজ। দিল্লির আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে নিয়েছেন ৪৬ উইকেট।
