কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে। তার নাম ছৈয়দ আলম (৬০)। এ ঘটনায় তাইফুর নামে ১২ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে উখিয়ার বালুখালী-৮-ডব্লিউ ক্যাম্পে এ ঘটনা ঘটে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত ছৈয়দ আলম উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮-ডব্লিউর বাসিন্দা ছিলেন। শিশু তাইফুর নূরুল আমিনের ছেলে।
রোহিঙ্গারা জানিয়েছে, গত শুক্রবার রাতে দুপক্ষের মধ্যে কয়েকশ রাউন্ড গুলিবিনিময় হয়। প্রতিদিন সন্ধ্যার পর থেকে এই ধরনের ঘটনা ঘটছে। এতে সাধারণ বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার মধ্যরাতে উখিয়ার বালুখালী-৮-ডব্লিউ ক্যাম্পে রোহিঙ্গা দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন। গুলিবিদ্ধ হয় এক শিশু। প্রাথমিক ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
