সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে শিশু-কিশোরদের প্রতিবাদী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে রানা প্লাজার পোশাকশ্রমিকদের সন্তান ও অন্যান্য শিশুরা অংশ নেয়। রানা প্লাজার ১০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে গতকাল শনিবার সকালে এ প্রতিবাদী চিত্রাঙ্কন প্রতিযোগিতার হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এবং শিশু কিশোরের সাংস্কৃতিক সংগঠন রংধনুর উদ্যোগে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের উদ্দেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আহত শ্রমিক রূপালী আক্তার, নিহত আঁখি আক্তারের মা নাসিমা আক্তারসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, রানা প্লাজার ঘটনা পোশাক শ্রমিকদের আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। সারা দুনিয়ার কারখানার ইতিহাসে এটি বিরল ঘটনা। যেটি যথাযথ মর্যাদায় পালন সংগঠন দায়িত্ব মনে করে। তারা বলেন, এই দুঃসহ স্মৃতি আমরা হারিয়ে যেতে দিতে চাই না।
নেতারা আরও বলেন, ২০১৩-এর রানা প্লাজা ধস হাজারো শ্রমিক প্রাণ হারায়। অথচ ১০ বছরেও ক্ষতিপুরণের আইনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। আহত অনেকেই এখনো শারীরিক ও মানসিক ক্ষতের চাপ বয়ে বেড়াচ্ছে। রানা প্লাজার ঘটনার পর মালিক-সরকার-বায়ার শ্রমিকের নিরাপত্তা, মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার নিয়ে অনেক আওয়াজ তুলেছে।
