ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি শিগগিরই

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১০:৪৮ পিএম

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শিগগিরই হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ চুক্তির ফলে ভিসা প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে উভয় দেশের ভ্রমণপিপাসু মানুষ ভ্রমণ করার সুযোগ পাবে এবং অর্থনীতিতে অবদান রাখবে বলেও জানান তিনি।

গতকাল রবিবার  মন্ত্রণালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতও চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রগতি সাধনের বিষয়ে একমত পোষণ করেন।

বাণিজ্যমন্ত্রী জানান, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন। এ চুক্তিকে বাস্তবে রূপ দিতে দুই দেশ ‘ট্রেড নেগোশিয়েন্স কমিটি’ গঠন করেছে এবং এখন পর্যন্ত তিনটি সভা করেছে এবং আগামী মাসে ইন্দোনেশিয়ায় চতুর্থ সভা অনুষ্ঠিত হবে। এই রাউন্ডে আলোচনা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী বলেন, উভয় দেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, বন্ধুপ্রতিম এবং সৌহার্দ্যপূর্ণ। দুই দেশেই পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভিসা প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে উভয় দেশের ভ্রমণপিপাসু মানুষ ভ্রমণ করার সুযোগ পাবেন এবং অর্থনীতিতে অবদান রাখবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত