লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। তার নাম রবিউল ইসলাম (৫২)। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের ৮৬৪ নম্বর মেইন পিলারের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন। তারা গরু পাচারকারী দলের সঙ্গে ছিলেন বলে জানা গেছে।
নিহত রবিউলের বাড়ি বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া এলাকায়। আহত শহিদুল একই ইউনিয়নের কলাবাগান এলাকার মৃত হেদলু ইসলামের ছেলে।
এ ঘটনায় গতকাল রবিবার সকালে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম মাহবুবুল আলম খান।
স্থানীয় ও পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪ নম্বর মেইন পিলারের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট এলাকা সীমান্ত দিয়ে বাংলাদেশের গরু পারাপারকারীসহ উভয় দেশের ৭ থেকে ৮ জনের একটি দল গরু পারাপারের চেষ্টা করতে থাকে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে অন্যদের সঙ্গে রবিউল ও শহিদুল সীমান্তে যান। এ সময় ভারতীয় ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি চালালে রবিউল ইসলাম কোমরের নিচে গুলিবিদ্ধ হয়ে মারা যান। একই সঙ্গে আহত হন ঘটনায় শহিদুল। তাকে সঙ্গীরা উদ্ধার করে রংপুরের একটি হাসপাতালে নিয়ে যান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, রবিউলের লাশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নাজমুস সাকিব বলেন, ঘটনাস্থলে নিহতের ব্যাপারে তদন্ত কার্যক্রম চলমান।
