ঢাকার সাভারের আশুলিয়ায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে মেহেদী হাসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। তারা দুর্ঘটনাকবলিত বাস দুটিতে আগুন ধরিয়ে দেন।
এদিকে গত শনিবার গভীর রাতে রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে কাভার্ড ভ্যানচাপায় এক যুবক এবং গতকাল সকালে রাজধানীর নাখালপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ছাড়া গতকাল বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোচালক এবং দুপুরে গোপালগঞ্জে বাসের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।
আশুলিয়ায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে নিহত মেহেদী রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার বাসিন্দা মাজেদ বাহারুলের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা জানান, আলীনূর পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করে বেপরোয়া গতিতে ঢাকা থেকে বাইপাইলের দিকে যাচ্ছিল। জিরাবো এলাকায় পৌঁছে একটি বাসের চালক আরেকটি বাসকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে (ওভারটেকিং) আগে চাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদী হাসানকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘সড়কে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে বাস চালানোর সময় দুই বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মেহেদী হাসান। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হলে উত্তেজিত জনতা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তাদের শান্ত করে আগুন নিয়ন্ত্রণে এনে বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।’
পোস্তগোলায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত রাজধানীর পোস্তগোলা সেতুর ঢালে কাভার্ড ভ্যানচাপায় সালাম সিদ্দিক ফরহাদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু শাওলিন (২৬)। গত শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টায় ফরহাদকে মৃত ঘোষণা করেন।
বড় ভাই এইচ এম সিদ্দিক জানান, নিহত ফরহাদ চাঁদপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামের আমির হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয় ফরহাদ।
নাখালপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ রাজধানীর নাখালপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সবুর খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই সাগর শাহরিয়া জানান, দুর্ঘটনার পর ওই মোটরসাইকেল চালকই আহত ব্যক্তিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেকে নিয়ে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালককে হেফাজতে রাখা হয়েছে।
রূপগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোচালক নিহত ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা এএসবিআরএম রোলিং মিলের সামনে মাইক্রোবাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৪১) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। নিহত শহিদুল রংপুর জেলার মিঠাপুকুর এলাকার রসিদপুর গ্রামের আবদুল মান্নান ম-লের ছেলে। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আফাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত গোপালগঞ্জে বাসের ধাক্কায় সুদীপ্ত বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানান, নিহত সুদীপ্ত বিশ্বাস বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা সাচিয়াদাহ গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের হাজি লাল মিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলার প্রতিনিধিরা
