সাভারের আশুলিয়ায় একটি ভবনের লিফটের জন্য তৈরি করা অরক্ষিত গর্তের পানিতে পড়ে ফাতেমা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে আশুলিয়ার পানধোয়া এলাকার রোজ কনস্ট্রাকশন হোমস লিমিটেড নামক একটি ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ও এর সঙ্গে সংশ্লিষ্টরা পলাতক রয়েছে।
শিশু ফাতেমা পানধোয়া এলাকার মৃত মো. ফিরোজের মেয়ে। সে নানা নুরুল ইসলামের বাড়িতে মায়ের সঙ্গে থাকত।
প্রত্যক্ষদর্শী মো. নজরুল ইসলাম জানান, ভবনটির ছাদ ঢালাই হলেও এর চারপাশ খোলা এবং লিফটের জন্য গভীর গর্ত খোঁড়া হলেও সেটি অরক্ষিত ছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই গর্তে পানি জমেছিল। গতকাল দুপুরে শিশু ফাতেমা ওই ভবনের নিচে খেলা করার সময় হঠাৎ অসাবধানতাবশত গর্তের মধ্যে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির স্বজন হাসনাহেনা নুপুর বলেন, হাউজিং কোম্পানির লোকজন কোনো ধরনের সুরক্ষা ছাড়াই অনেক দিন ধরে ভবনটি নির্মাণ করছে। তারা রাস্তার মধ্যে যত্রতত্র রড, লোহা, পেরেক ফেলে রাখে নির্মাণকাজ করে। এর আগেও খেলতে গিয়ে অরক্ষিত গর্তটিতে পড়ে চারজন শিশু আহত হয়েছিল। বিষয়টি রিয়েল এস্টেট কোম্পানির লোকজনকে বারবার জানালেও তারা কোনো গুরুত্ব না দেওয়ার কারণে ফাতেমার মৃত্যু হলো। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা করা হবে।
