প্রকাশ্যে ‘আদম’ সিনেমার ট্রেলার, মুক্তি ঈদে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৪:২৬ পিএম

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। আবু তাওহীদ হিরণের পরিচালনায় এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান।

‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’ ট্যাগ লাইনে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেল। ২ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় ট্রেলার প্রকাশ করা হয়। এর আগে ১ মার্চ (বুধবার) সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। তখন নির্মাতা কিছু না জানালেও, এবার ট্রেলার মুক্তির মধ্যে জানা গেলো ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে।

এ বিষয়ে পরিচালক হিরন বলেন, আমার স্বপ্নের প্রজেক্ট ‘আদম’। নানা কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে। এবার সব কাজ গুছিয়ে এনেছি। তাই রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে চাই।

ছবিটি গেল বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য আনকাট ছাড়পত্র পায়। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন বলেও দাবি করেন পরিচালক হিরণ।

সিনেমার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে হিরণ বলেন, আদম এমন একটি জাতি, যাদের স্বজাতি ছাড়া অন্য কোনো শত্রু নেই। এই বহুরূপী আদম জাতির মধ্যে রয়েছে আলাদা ধরনের কিছু আদম, যারা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেয়। আবার এ জাতির মধ্যেই রয়েছে যে নিজের জন্য অন্যের সবকিছু উজাড় করে নেয়।

ইয়াশ ও ঐশী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন ও মিলন ভট্টাচার্য প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত