অনেকক্ষণ ধরে মন দিয়ে মেকআপ করলেন কিন্তু ঠিক বেরোনোর আগে থেকেই সব ঘাঁটতে শুরু করল। এমনটা হলে কি আর এতক্ষণ ধরে কষ্ট করে সাজতে ভালো লাগে? সময় এবং দামি প্রসাধনী সবই নষ্ট। আসলে সাজার সময়ে যদি ছোটখাটো কিছু ভুল এড়িয়ে চলা যায়, তাহলে এমনটা হওয়ার সম্ভাবনা থাকে না। মেকআপ করার সময়ে কোন কোন বিষয় মাথায় রাখবেন?
সেটিং পাউডার : বিশেষভাবে তৈরি এই পাউডার মেকআপ গলে যেতে দেয় না। ফাউন্ডেশন লাগানোর পর এই সেটিং পাউডার দিয়ে মেকআপ বসিয়ে নিতে হয়। ত্বকের রঙের সঙ্গে মানিয়ে কিনতে হয় এই পাউডার। মেকআপ করার পর মুখের যে যে অংশ থেকে অতিরিক্ত তেল ক্ষরণ হয়, সেসব জায়গায় পাউডার লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়।
সেটিং স্প্রে : ত্বক যদি শুষ্ক হয়, সে ক্ষেত্রে পাউডার ব্যবহার না করাই ভালো। কারণ পাউডার ব্যবহার করলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। একেবারে শেষে সেটিং স্প্রে দিয়ে মেকআপ বসিয়ে নিতে পারেন।
অতিরিক্ত মেকআপ নয় : মুখের খুঁত ঢাকতে মেকআপ ব্যবহার করা উচিত ঠিকই, কিন্তু অতিরিক্ত মেকআপ ব্যবহার করলেই যে তা খুব সুন্দর বা মসৃণ হবে, তার কোনো মানে নেই। উল্টো অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করলে অচিরেই ত্বক নষ্ট হয়ে যাবে।
চোখে প্রাইমার : অনেকে মনে করেন মেকআপ ব্যবহার করার আগে শুধু মুখে প্রাইমার মাখলেই হয়ে যাবে। তা কিন্তু নয়। মেকআপ ঘাঁটতে শুরু করলে সব থেকে আগে চোখের কাজল গলে পড়ে। তাই চোখেও প্রাইমার লাগানো জরুরি।
