ঐশীর বাগদান ঈদের পর বিয়ে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১১:৩১ পিএম

আংটিবদল করলেন সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। হবু বর আরেফিন জিলানী সাকিব। গত রবিবার রাতে পারিবারিক আয়োজনে আংটিবদল করেন তারা। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পাত্র নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চাকরি করছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন জিলানী। দুজনের মধ্যে পরিচয় প্রায় আড়াই বছরের। অবশেষে সেই আংটিবদলের ছবি ফেসবুকে ঐশী নিজেই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বারাকাল্লাহু ফিকুম’। একই ছবি পাত্র আরেফিনও শেয়ার করে একই ক্যাপশন লিখেছেন। এ প্রসঙ্গে ঐশীর মা নাসিমা মান্নান জানালেন, ‘ঐশী ও জিলানীর পরিচয় আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। রবিবার রাতে হুট করে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই। ঈদের পর ওদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।’

গান গাওয়ার পাশাপাশি ঐশী একজন চিকিৎসকও। ২০২১ সালে তিনি ঢাকার শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন। বর্তমানে বেসরকারি ওই হাসপাতালেরই সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত