একটা সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট মানেই ছিল স্পিন স্বর্গে খেলা। ম্যাচের প্রথম সেশন থেকে বল নিচু হওয়া, বড় বড় বাঁক খাওয়া বা অসম বাউন্স ছিল নিয়মিত চিত্র। স্পিনারদের দাপটে তিন-চার দিনেই শেষ হতো যেকোনো ম্যাচ।
সাদা বলের ক্রিকেটে সেখান থেকে বেরিয়ে ভালো উইকেটে খেলার বার্তা আগেই দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার টেস্টেও মিলল তেমন কিছুর আভাস। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে রবিবার দুই দলের অনুশীলন শুরুর দিন দেখা যায়, সবুজ উইকেটে রয়েছে সতেজ ঘাসের উপস্থিতি। পরদিন অনুমিতভাবেই ছাঁটা হয়েছে কিছু ঘাস। তবে মিলিয়ে যায়নি সবুজের ছোঁয়া। এমন উইকেটে ব্যাট-বলের জমাট লড়াই হবে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। এই স্পিনার মনে করেন, সবার জন্যই সুযোগ থাকবে এই উইকেটে। ‘আমাদের হোম কন্ডিশনের খেলা। যেটা সব সময় বলা হয়, আমরা স্পিন সহায়ক দল। স্পিন দিয়ে আমরা ভালো করি। তবে পেস বোলারদেরও সুযোগ থাকবে। উইকেটটা আমরা দেখেছি। ভালো উইকেট করার চেষ্টা করছে, যেন সব দিকেই আমরা ভালো করতে পারি। ব্যাটসম্যানরাও ভালো করতে পারে, পেসার-স্পিনাররাও।’ পেসারের এই সুযোগকে কাজে লাগাতে পারছেন তাসকিন আহমেদ। সাইড স্ট্রেনের জন্য চার সপ্তাহের জন্য খেলা থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় রেজাউর রহমান রাজাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। যদিও এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরীফুল ইসলামরা আছেন আগে থেকেই।
এদিকে, এই টেস্টে তামিম ইকবালের খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে তার ছেলে আরহাম ইকবাল অসুস্থ জানিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘ছেলেকে নিয়ে খুব ব্যস্ত সে। শেষ পর্যন্ত খেলবে কি না, নিশ্চিত না।’ তামিম সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর জুনে, বাংলাদেশ দলের উইন্ডিজ সফরে। এরপর চোটের কারণে দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলা হয়নি তার।
