লক্ষ্মীপুরে মোটরসাইকেল কিনে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মেহেদী আহম্মেদ মুরাদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে ভোরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ-রিপুজি মার্কেট আঞ্চলিক সড়কের বালুরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহের আলী জানান, মেহেদী ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরভুতা গ্রামের মেঘনা বাজার এলাকার আলী হোসেনের ছেলে। তিনি পেশায় কাভার্ড ভ্যানের চালক ছিলেন। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের এক আরোহী আহত হন। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ইউপি সদস্য আহসান উল্যা জানান, দুদিন আগে মেহেদী মোটরসাইকেলটি কেনেন। পরিবার ও স্থানীয়রা জানায়, ভোরে মেহেদী বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এ সময় তার সঙ্গে আরও একজন ছিল। মেহেদী মোটরসাইকেল চালাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে মেহেদী ও তার সঙ্গে থাকা যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। মেহেদীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
