এনামুলের ব্যাট এবার আরও ধারালো

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১২:৪০ এএম

আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ ছুটছিল সমান গতিতে। দু’দলই টানা ৬ জয় নিয়ে কালকের ম্যাচে নামে। দিন শেষে আবাহনী জয়ের ধারাবাহিকতা রাখলেও থামতে হয়েছে রূপগঞ্জকে। মাশরাফী বিন মোর্ত্তজার দল কাল প্রথম হেরেছে অপর রূপগঞ্জের কাছে। বড় রান করে তাদের ২৫ রানে হারিয়ে দিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এদিকে বড় ম্যাচ জিতেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছে আবাহনী। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৪১ রানে হারিয়েছে তারা। ফতুল্লার ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩১ রানে হারিয়েছে শেখ জামাল।

আবাহনীর জয়ের নায়ক আবারও এনামুল হক বিজয়। গত মৌসুমের মতোই ছুটছে তার ব্যাট। গতবার প্রাইম ব্যাংকের হয়ে ৭ রাউন্ড পর্যন্ত দুটি করে ফিফটি ও সেঞ্চুরি তুলেছিলেন এনামুল। এবার তার ব্যাটে রান আরও বেশি। ৭ ম্যাচেই দুটি ফিফটি ও তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন এই ওপেনার। রান ৫৭২। গতবার ১৫ ম্যাচে ১ হাজার ১৩৮ রানে ঘরোয়া লিগে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন এনামুল। গত ম্যাচে ঢাকা লিওপার্ডসের বিপক্ষে করেছিলেন ১০৭ রান। এবার প্রাইমের বিপক্ষে ১২৭ বলে ১৩ চার ও ৫ ছক্কায় ১৫৩। লিস্ট এ ক্রিকেটে তার ১৮তম সেঞ্চুরি। পাশাপাশি ফর্ম ফিরে পেয়েছেন নাঈম শেখও। মাত্র ৬ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। ১০২ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৪ রানে ফিরেছেন নাঈম। দুজনের দৃঢ়তায় ১৮৩ রানের ওপেনিং জুটি পেয়ে যায় আবাহনী। এই ভালো শুরুর রেশ ৪৭ বলে ৫৩ করে টেনেছেন আফিফ হোসেন। পরের দিকের ব্যাটাররা ইনিংসের শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে ফিরেছেনও দ্রুত। প্রাইমের করিম জানাত ৬৩ রানে ৪ উইকেট নেন।

বিকেএসপিতে ইমতিয়াজ হোসেন তান্নার ১০৯ বলে ১০০ ছাড়াও নাঈম ইসলামের ৬৬ ও অঙ্কিত বাওনির ৬৫ রানে ৫ উইকেটে ২৮৭ করে রূপগঞ্জ টাইগার্স। মাশরাফী ৫১ রানে ২ উইকেট নেন। জবাবে পারভেজ হোসেন ইমনের ৯৯ বলে ১১১ ও চিরাগ জানির ১১৫ বলে ৯৪ রান ছাড়া লিজেন্ডসের বাকি ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত