পুনমের চার অতিথি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১০:৪৫ পিএম

জনপ্রিয় উপস্থাপক ঈদের একটি অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন। অনুষ্ঠানটি নির্মাণ হয়েছে চ্যানেল আইয়ের জন্য। সংগীতবিষয়ক অনুষ্ঠানটি তিনি সাজিয়েছেন সংগীতাঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে। নাম ‘ঈদ আনন্দধারা’। গান, আড্ডা আর স্মৃতিচারণায় জানা যাবে অতিথিদের অনেক অজানা ও মজার মজার অভিজ্ঞতার কথা। পুনমের এ অনুষ্ঠানের চার অতিথি হলেন ফেরদৌস ওয়াহিদ, হায়দার হোসেন, লাবু রহমান এবং ফোয়াদ নাসের বাবু। এর শ্যুটিংও শেষ হয়েছে সম্প্রতি। সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে পুনম দেশ রূপান্তরকে বলেন, ‘দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমাদের দেশের সংগীতাঙ্গনের চারজন লিজেন্ডকে একসঙ্গে করতে পেরেছি, সেটি আমার জন্য বিরাট পাওয়া। অনুষ্ঠানটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে বলে আমি মনে করি। চ্যানেল আই কর্তৃপক্ষও সে কথা বলছিলেন শ্যুটিংয়ের দিন। কেননা, এই চারজন বরেণ্য শিল্পী এবারই প্রথম একসঙ্গে কোনো অনুষ্ঠানে এসে তাদের স্মৃতির ঝুলি মেলে ধরেছেন। তাদের একসঙ্গে করার অসাধ্য সাধন করতে পেরেছি তাতেই আমি খুশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত