বাংলাদেশ ব্যাংকের সার্ভার ৬ ঘণ্টা ডাউন থাকার পর চালু হয়েছে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সার্ভারটি সচল করে স্বাভাবিক লেনদেন চালু করতে পেরেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তবে কী কারণে সার্ভার ডাউন হয়েছে তা নিশ্চিত করা যায়নি। গতকাল বুধবার ১২টায় সার্ভার ডাউন হলে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সমস্যা দেখা দেয়। এতে ইন্টারনেট ব্যাংকিংসেবা ব্যাহত হয়।
সার্ভারে সমস্যার কারণে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তরে সমস্যা তৈরি হয়েছিল। একই কারণে কিছু ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতেও সমস্যা দেখা দিয়েছিল। এনপিএসবি হলো আন্তঃব্যাংক কার্ডভিত্তিক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের মাধ্যম। এটি ব্যাংকগুলোকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করেছে। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন। এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের পয়েন্ট অব সেলস টার্মিনালের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারেন। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক নিজের হিসাব বা কার্ড থেকে অন্য গ্রাহকের ব্যাংকের হিসাবে টাকা পাঠাতে পারেন।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পরিচালক সারওয়ার হোসেইন দেশ রূপান্তরকে বলেন, ‘যে সমস্যা হয়েছিল তা গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সমাধান করা হয়েছে। পুরো নেটওয়ার্কিং সিস্টেম এখন সুষ্ঠুভাবে চলছে। আইটি বিভাগ সব সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে সমস্যার কারণে অনলাইন ব্যাংকিংয়ে সমস্যার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের সমস্যা হওয়ার কথা নয়। কারণ বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সার্ভারে সমস্যা হয়েছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি খাতের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এটিএমে লেনদেনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে। তবে বিস্তারিত তথ্য এখনো আসেনি। এলে বলতে পারব।
