জাতীয় সংসদের ৫০ বছর উদযাপন উপলক্ষে বিশেষ অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। বেলা ১১টায় এ অধিবেশন শুরু হবে। কম কর্মদিবসের অধিবেশন হলেও সকাল ১০টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদসহ বিস্তারিত কার্যসূচি চূড়ান্ত হবে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, অধিবেশন আজ শুরু হলেও বিশেষ অধিবেশনের কার্যক্রম দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। কাল সংসদের বৈঠক বসবে বিকেল ৩টায়। এতে বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন। এটি হতে পারে বিদায়ী রাষ্ট্রপতির সংসদের শেষ ভাষণ।
প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতির দুই মেয়াদ শেষ হচ্ছে। এরই মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার সকালে সংসদের বৈঠক শুরু হবে। ওইদিন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন। এরপর তিনি ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন। পরের দুইদিন আগামী রবি ও সোমবার সংসদ সদস্যরা সাধারণ প্রস্তাবের ওপর বক্তব্য দেবেন। এসব বক্তব্যের পর সংসদে এ প্রস্তাবটি গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে জাতীয় সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশন হয়েছিল। ওই বিশেষ অধিবেশনটি হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে। সেই অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে স্মারক বক্তৃতা উপস্থাপন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিনই সংসদে একটি প্রস্তাব এনেছিলেন। সেই প্রস্তাবের ওপর সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, সরকার ও বিরোধীদলীয় ৭৯ সংসদ সদস্য ১৯ ঘণ্টা ৩ মিনিট আলোচনা করেন।
১৯৭৩ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল জাতীয় সংসদ। সে হিসেবে এবার সুবর্ণজয়ন্তী পালন করছে সংসদ। এ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। এ ছাড়া সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী আরও কিছু কর্মসূচি পালন করা হবে।
আজকের অধিবেশনে প্রথমেই বরাবরের মতো সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে এবং এরপর শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। মন্ত্রীদের প্রশ্নোত্তরে প্রথম দিনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ, মহিলা ও শিশু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর হবে। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হবে।
এ ছাড়া এই অধিবেশনে সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ উপস্থাপন করবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারি কর্মকমিশনের-২০২২ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন। বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন।
জানা গেছে, আজ সংসদে সাতটি বিল উত্থাপিত হতে পারে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন বিল) ২০২৩, সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল, ২০২৩, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম চিড়িয়াখানা বিল, ২০২৩, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর বিল, ২০২৩ এবং শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর বিল, ২০২৩, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান অত্যাবশক পরিষেবা বিল, ২০২৩ এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওষুধ কসমেটিকস বিল, ২০২৩ উপস্থাপন করবেন।
