ফখরুল বললেন

সরকারের দায়িত্বহীনতায় অগ্নিকাণ্ড ঘটছে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৬:৪৫ এএম

রাজধানীর সিদ্দিকবাজার, বঙ্গবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় সরকারের দায়িত্বহীনতার কারণে অগ্নিকাণ্ড হচ্ছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকার দায়িত্বজ্ঞানহীন সরকার। কোথাও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত মঙ্গলবার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকার কাপড় পুড়ে গেছে। কিছুদিন আগেও সিদ্দিকবাজারে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হলেন। এর পরও মানুষকে কীভাবে এসব দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, তার কোনো পরিকল্পনা নেই।’

গতকাল বুধবার বিকেলে রাজধানীর মালিবাগের স্কাই সিটি হোটেলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক ১২-দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার সংবিধান লঙ্ঘন করে একের পর এক বেআইনি কাজ করে যাচ্ছে। গত মঙ্গলবার কুমিল্লায় যুবদলের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে পুলিশ হামলা চালিয়ে ২৫ জন নেতাকর্মীকে আটক করে। আজ (বুধবার) সকালে নরসিংদী জেলা বিএনপির কমিটির এক সভায়ও পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ ছাড়া নাটোর, খুলনাসহ সারা দেশে বিএনপির সভায়, ইফতার মাহফিলে হামলা চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সরকার এমনভাবে কথা বলে যেন এ দেশের চেয়ে বেশি গণতন্ত্র আর কোথাও নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে আর লাভ নেই। এবার রুখে দাঁড়াতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধের মতো সবাই ঐক্যবদ্ধ হয়ে আরেকটি সংগ্রাম গড়ে তুলতে হবে।’

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইবরাহিম। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, হাবিবুর রশিদ হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম বিন সাঈদী, জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ ১২-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ ব্যবহার হচ্ছে : গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশ-বিদেশে সমালোচিত হচ্ছে। এর পরও সরকার এই আইনের যথেচ্ছ ব্যবহার করছে। এ আইনকে যথেচ্ছ প্রয়োগের মাধ্যমে সাংবাদিক, ভিন্নমতের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীর ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে, যাতে কেউ সরকারের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলতে না পারে।’

গত মঙ্গলবার চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে ডিবি পুলিশের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত