কিশোরগঞ্জের ভৈরবে ৬১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোরে শহরের নাটালের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানায় র্যাব।
উদ্ধারকৃত মাদক এবং গ্রেপ্তার আসামি দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী।
র্যাব জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব টোলপ্লাজা সংলগ্ন নাটালের মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাক আটক করে র্যাব। ট্রাক তল্লাশি করে খাকি স্কচটেপ মোড়ানো ৩০টি বান্ডিলে মোট ৬১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
আটক করা হয় ট্রাকে থাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রকিবুল হাসান রাকিব (২০) এবং একই এলাকার কালতা কোরাইশা গ্রামের আলাউদ্দিনের ছেলে পারভেজ (১৮) কে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে।
