সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি আজ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০২:৪৪ এএম

গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে আজ শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। থানা ও উপজেলায় বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কর্মসূচি পালন করা হবে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ ১৩টি মহানগরীর ১২৮টি থানায় এবং ৫৫০ উপজেলা মিলে প্রায় ৬৫০ স্থানে একযোগে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয়, জেলা, মহানগর, থানা, উপজেলা, পৌর নেতারা মহানগরের থানা ও জেলার উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

আজ ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানায় অবস্থান কর্মসূচি পালন করবেন মহানগর বিএনপি নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ২৯টি থানায় কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।

পাশাপাশি জাসাস, ওলামা দল, তাতী দল, যুবদল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা নিজ নিজ থানা এলাকার অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর কমিটিসহ সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের উক্ত অবস্থান কর্মসূচি সফল করে চলমান গণআন্দোলনকে বেগবান করতে আহ্বান জানিয়েছেন।

সমমনা দলগুলোর অবস্থান কর্মসূচি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন নিজস্ব অফিসের সামনে ও গণফোরাম মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। স্যোশাল ডেমোক্রেটিক পার্টি ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। গণতন্ত্র মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত