ব্যাংকিং লেনদেন এবার গ্রাহকের হাতের মুঠোয় নিয়ে এসেছে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড। বিশ্বমানের ইন্টারনেটভিত্তিক কোর ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে জনতা ব্যাংক চালু করেছে মোবাইল অ্যাপস ই-জনতা। এ বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া এ অ্যাপসটি ইতিমধ্যে ৩৪ হাজারের অধিক গ্রাহক ব্যবহার করছেন।
অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে ই-জনতা ডাউনলোডের পর অ্যাপসটি চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ইউজার ভেরিফাইসহ ৫টি ধাপে নিবন্ধন-প্রক্রিয়া শেষে তা ব্যবহারের উপযোগী হয়। নিবন্ধনের জন্য ১৩ সংখ্যার অ্যাকাউন্ট নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, অ্যাকাউন্টে ব্যবহৃত মোবাইল নম্বর, ই-মেইল আইডি এবং আনুষঙ্গিক তথ্য দিয়ে এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়।
ই-জনতার মাধ্যমে গ্রাহক ঘরে বসে নিজ অ্যাকাউন্টের টাকা জনতা ব্যাংক বা দেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে পারেন। যেকোনো ব্যাংকের লোনের কিস্তি পরিশোধ বা যেকোনো ব্যাংকের মাসিক এসপিএস, ডিপিএসের কিস্তি প্রদানসহ ক্রেডিট কার্ডের বিল দেওয়ারও সুবিধা আছে এতে।
