আজ অ্যানফিল্ডের মৃত্যুকূপে গানার্সরা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১২:১২ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ আছে আর্সেনাল। তাদের পিছু পিছু ছুটছে ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে ম্যানসিটি ৪-১ গোলে সাউদাম্পটনকে হারায়। তাতে সিটি ও আর্সেনালের পয়েন্টের পার্থক্য নেমে এসেছে পাঁচে।

শিরোপা জয়ের পথে আজ আর্সেনালের সামনে বাধা লিভারপুল। আর্সেনাল ও লিভারপুলের মধ্যে এই মৌসুমে পয়েন্টে ব্যবধান ২৮। তবু অ্যানফিল্ডে ম্যাচ বলেই সতর্ক থাকতে হবে মিকেল আর্তেতার দলের।

এবার লিগে প্রথম দেখায় এমিরেটসে আর্সেনাল ৩-২ এ জিতেছিল। তবে অ্যানফিল্ডে ২০১২ এর পর লিগ ম্যাচে জয় পায়নি আর্সেনাল। গানার্সদের ভয়ের আরেক কারণ ওই ছয় ম্যাচের ফলাফল। ৬ ম্যাচে ৪ গোল দেওয়ার বিপরীতে আর্সেনাল হজম করেছে ২২ গোল। এ ম্যাচগুলোর কোনোটিতে তিনের কম গোল হজম করেনি আর্সেনাল।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ দুই মুখোমুখিতেও জয়বঞ্চিত গানার্সরা। গেল বছরের জানুয়ারিতে লিগ কাপের ম্যাচে গোলশূন্য ড্র করে। ২০২১-২২ লিগে অ্যানফিল্ডে লিভারপুল ৪-০ তে হারিয়েছিল আর্সেনালকে।

তবে এবার জয়ের আশা করতেই পারে আর্সেনাল। কারণটা তাদের ফর্ম। শেষ সাত লিগ ম্যাচ জিতেছে। অ্যাওয়েতে এই মৌসুমে আর্সেনাল ১৪ ম্যাচ জিতেছে। প্রিমিয়ার লিগে যে কোনো ক্লাবের চেয়ে যা তিনটি বেশি। আর লিভারপুল স্বস্তিতে নেই। অলরেডদের শীর্ষ চারের আশাও দূরে সরছে প্রতিনিয়ত। শেষ তিন ম্যাচের দুটিতে হেরেছে। ড্র করেছে শেষ ম্যাচে চেলসির বিপক্ষে। তবে এ মৌসুমে লিগে ঘরের মাঠে লিভারপুল শেষ ৬ ম্যাচ অপরাজিত। জয় ৫টি, ড্র একটি।

আর্সেনালের নজর রাখতে হবে মোহামেদ সালাহর ওপর। গানার্সদের বিপক্ষে অ্যানফিল্ডে পাঁচ ম্যাচে ৭ গোলে তার অবদান আছে। গোল করেছেন পাঁচটি, অ্যাসিস্ট দুটি।

সব মিলিয়ে এবারের লিভারপুল যাত্রাকে জঙ্গলে যাওয়ার অনুভূতির সঙ্গে তুলনা করেছেন আর্সেনাল কোচ আর্তেতা, ‘আপনি চিড়িয়াখানায় প্রস্তুতি নিয়ে রবিবার জঙ্গলে খেলতে যেতে পারেন না। এটা অসম্ভব। আপনার নিজেকে মেলে ধরতে হবে। খেলোয়াড়দের প্রস্তুত করতে হবে। আপনার তাদের বলতে হবে, তারা কীসের মুখোমুখি হতে যাচ্ছে।’ সতর্ক থাকলেও এবার অ্যানফিল্ড জয়ের ব্যাপারে আর্সেনাল কোচ বলেন, ‘আমরা জানি, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই সুযোগও আছে যে অ্যানফিল্ডে গিয়ে কিছু করার, যা আমরা অনেক বছর ধরে করতে পারিনি।’

আর্সেনাল টেবিলের শীর্ষে থেকে এ নিয়ে নবম বারের মতো মুখোমুখি হচ্ছে অলরেডদের। আগের ৮ বারে ৩টি জেতে আর্সেনাল, ৩ ড্র, দুটি হার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত