গ্রীষ্মের আগেই চড়া তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা নেই

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৬:১৬ এএম

চৈত্রের আকাশে কোথাও মেঘ নেই। আছে সূর্যের চোখ রাঙানি। একদিকে চৈত্রের তীব্র গরম অন্যদিকে রাজধানী ঢাকার সড়কে তীব্র যানজট। সবমিলিয়ে নগরবাসীর ভোগান্তি দ্বিগুণ হয়েছে। বর্তমানে দিনের বেলায় সারা দেশের বিভিন্ন জায়গায় ৩৩ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকছে, যা আরও বাড়তে পারে। আর এমন পরিস্থিতি আরও এক সপ্তাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, খুলনা বিভাগসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান, খেপুপাড়া ও ভোলা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘এপ্রিল হচ্ছে উষ্ণতম মাস। তাই তাপমাত্রা বাড়তি থাকবে এটাই স্বাভাবিক। এমন পরিস্থিতি আরও এক সপ্তাহ থাকবে বলে মনে করি। এ সময় তাপমাত্রা আরও বাড়তে থাকবে। আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

সিনপটিক অবস্থা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত