কাউকে নির্বাচনে আনা সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘নির্বাচনে আনা সরকারের কাজ নয়। নির্বাচন আয়োজক কর্র্তৃপক্ষ নির্বাচন কমিশন। নির্বাচনে সরকারি দল একটি পক্ষ। সব বিরোধী দলও একটি পক্ষ। সেখানে নির্বাচনে আনা না আনার... নির্বাচনে কেউ আসবে কী আসবে না সেই দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন। এটা সরকারি দলের দায়িত্ব নয়।’
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল শনিবার এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
নানা ধরনের ষড়যন্ত্র চলছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘সংসদীয় গণতন্ত্র যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে না পারে সেজন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। রাজপথের বিরোধী দল বিএনপি আজকে নানা ষড়যন্ত্র করছে। তারা ২০১৪ সালের নির্বাচন ভ-ুল করার জন্য ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। কয়েক ডজন মানুষ হত্যা করে। তবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সংসদের পথচলা অব্যাহত থেকেছে। গণতন্ত্রের পথচলা অব্যাহত থেকেছে। আজকেও সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সংসদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সংসদের পথচলাকে ও সংসদীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য কয়েক দিন আগে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করেছেন।’
তিনি আরও বলেন, ‘সংসদকে কারাগারে পরিণত করা ও সংসদ চত্বরে আদালত বসানো, স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বানানো, সংসদকে কলঙ্কিত করা ও মর্যাদা ক্ষুন্ন করার দায়িত্ব তারা এড়াতে পারে না। তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন কি না সেটা ভেবে দেখা দরকার।’
