নগর এলাকায় অগ্নি-দুর্ঘটনা এড়াতে ‘ফায়ার হাইড্রেন্ট স্থাপন’ করাসহ একগুচ্ছ সুপারিশ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল শনিবার ‘বঙ্গবাজারে অগ্নিকাণ্ড এবং উপ-আনুষ্ঠানিক মার্কেটের অগ্নিঝুঁকি : আইপিডি’র পর্যবেক্ষণ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তারা এসব পরামর্শ দেন। এ অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইপিডি’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
আইপিডি’র আলোচনায় উঠে আসা পরামর্শের মধ্যে রয়েছে মার্কেটের অভ্যন্তরীণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা শক্তিশালী করা, ফায়ার সার্ভিসকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা, ঘনবসতিপূর্ণ, সংকীর্ণ রাস্তা ও অপরিকল্পিত নগর এলাকার জন্য ফায়ার সার্ভিসের বিশেষায়িত ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা, অগ্নিনিরাপত্তাকর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া, মার্কেটের ফায়ার ও দুর্যোগ স্বেচ্ছাসেবী তৈরি এবং ফায়ার সেফটি কমিটি ও ফায়ার সেফটি প্ল্যান তৈরি করা এবং নিয়মিত ফায়ার ড্রিল বা মহড়া আয়োজন করা। এছাড়া ব্যবসায়ী ও নগর সংস্থাগুলো মধ্যে আস্থা, বিশ্বাস ও দায়িত্ববোধের জায়গা তৈরি করা এবং নগর এলাকার ঝুঁকি বিবেচনা করে অগ্নি-দুর্ঘটনা এড়াতে ‘ফায়ার হাইড্রেন্ট স্থাপনের’ ব্যবস্থা করা।
ভার্চুয়াল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপিডি’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আইপিডি’র উপদেষ্টা অধ্যাপক ড. আকতার মাহমুদ, পরিকল্পনাবিদ আবু তাহের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদুর রেজা, উন্নয়ন বিশেষজ্ঞ রেদওয়ানুর রহমান প্রমুখ।
