গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকা থেকে তিন মাস বয়সী এক শিশুকে অপহরণের পর জেলার শ্রীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলো নেত্রকোনার বারহাট্টা থানার বাউশি গ্রামের মজনু মিয়ার স্ত্রী আলপনা ওরফে রুবিনা (২৫), তার বড় বোন ও একই জেলার দুর্গাপুর থানার হাবিআলী গ্রামের আবুল কাশেমের স্ত্রী ফাতেমা (৩৫) ও ফাতেমার ছেলে রফিকুল ইসলাম (১৯)।
উদ্ধার হওয়া শিশুর নাম ফাতেমা খাতুন। সে ঝিনাইদহের মহেশপুর থানার বিশ্বনাথপুর গ্রামের নুর
ইসলামের মেয়ে।
নুর ইসলাম গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার শিরিরচালা এলাকায় জনৈক মাজহারুল ইসলামের টিনশেড বাড়িতে স্ত্রীসহ ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করেন। তার স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করেন। গাজীপুরের শ্রীপুর থানার মুলাইদ পশ্চিমপাড়ার সুবেদ আলীর ভাড়া বাসায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে শিশু ফাতেমাকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন, নন্দিতা মালাকার, রবিউল ইসলাম, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ এপ্রিল শিশুটির বাবা-মা নিজ নিজ কর্মস্থলে যান। শিশুটি তখন তার নানির কাছে ছিল। শিশুটি ক্ষুধায় কান্নাকাটি করলে দুধ গরম করতে যান নানি। এ সময় কৌশলে শিশুটিকে অপহরণ করেন আলপনা। পরে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা জয়দেবপুর থানায় অপহরণ মামলা করেন।
