রাজধানী ঢাকার স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (৪৭) হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার আল-আমিন ওরফে আলিফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস রিমান্ড মঞ্জুর করেন। এদিন ১০ দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তার আসামি আলিফকে আদালতে পাঠায় ডিবি পুলিশ। কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবার রাতে নবাবগঞ্জের নানাবাড়ি থেকে আলিফকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ডিবির ওসি আবুল কালাম আজাদ। তিনি জানান, হত্যাকান্ডের পর থেকে নানাবাড়িতে আত্মগোপনে থাকে আলিফ। সে হত্যাকা-ের দিন স্থপতি ইমতিয়াজকে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আরাফাতের বাসায় নিয়ে পরিকল্পনামাফিক হত্যা করে।
ডিবির ওসি আরও জানান, এরই মধ্যে স্থপতি ইমতিয়াজ হত্যা মামলার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরই মধ্যে গত ২৯ মার্চ বরিশাল সদরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া আসামি ফয়সাল আহমেদ রাহাত ওরফে আরাফাত (২৬) গত ৩ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
প্রসঙ্গত, ঢাকার তেজগাঁও থানার ডমিসাইল এলাকার নিজ ফ্ল্যাটে সপরিবারে বসবাস করতেন স্থপতি ইমতিয়াজ। গত ৭ মার্চ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এতে পরদিন ৮ মার্চ ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী।
