চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দেলোয়ার হোসেন গাজী নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৯ এপ্রিল) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আসামি দেলোয়ার বছরখানেক আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ আগস্ট নগরের পুরোনো রেলস্টেশন এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ দেলোয়ার হোসেন গাজীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করে সংস্থাটি। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর আসামি দেলোয়ারে বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।
