চ্যাটজিপিটিকে ঠেকাতে মহাপরিকল্পনা পিচাইয়ের

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:০৩ এএম

চ্যাটজিপিটিকে বাগে আনতে নতুন সুবিধা চালু করার কথা ভাবছে সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল। আর এই কথা জানিয়েছেন স্বয়ং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আভাস দিয়েছেন গুগলের সিইও।

যতই দিন গড়াচ্ছে ততই আধুনিক হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা এআই। এই প্রযুক্তি কীভাবে মানুষের কল্যাণে ব্যবহার করা যায় তা নিয়ে এরই মধ্যে গবেষণা শুরু করেছে গুগল।

গুগল ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে ঢুকে পড়েছে মেটা ও মাইক্রোসফটও। নিজেদের পরিষেবায় কীভাবে এই প্রযুক্তি যোগ করা যায় তা নিয়ে কাজ শুরু করেছে বাঘা এই প্রযুক্তি সংস্থাগুলো। এমন প্রেক্ষাপটে কোনোভাবেই দৌড়ে পিছিয়ে থাকতে চায়না গুগল। সংস্থাটি তার সবচেয়ে বেশি ব্যবহৃত টুল সার্চ ইঞ্জিনেই এই কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করার কথা ভাবছে। এ ছাড়াও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট দক্ষ গুগল। এলএলএম হলো এমন একটি ব্যবস্থা, যেখানে একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাব অত্যন্ত সহজ ভাষা ও মানুষের মতোই দেওয়া হয়। এর আগে যদিও এই ব্যবস্থা গুগল সার্চে যোগ করেনি সংস্থাটি।

সম্প্রতি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হিসেবে সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে ওপেনএআই সংস্থার চ্যাটজিপিটি। আর এই টুলকেই টক্কর দিতে গুগলের এমন পরিকল্পনা। চ্যাটজিপিটিকে জবাব দিতে কিছুদিন আগেই কৃত্রিম বৃদ্ধিমত্তার চ্যাটবট গুগল বার্ডের ঘোষণা করে অ্যালফাবেট। যদিও এই চ্যাটবট এখনো পুরোদমে চালু করতে পারেনি গুগল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত