রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক হাজার ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীর পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক সহায়তা প্রদানে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত বা স্বল্পসুদের ঋণ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল রবিবার ঢাকা চেম্বার থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে মার্কেটের বেশির ভাগ ব্যবসায়ী ও তাদের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তারা মালামাল কেনার জন্য এরই মধ্যে অর্থলগ্নি করেছিলেন, যা অনাকাক্সিক্ষত অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন করেছে। এ দুর্যোগ বিবেচনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে তাদের আর্থিক সহায়তার আওতায় নিয়ে আসা প্রয়োজন।
এর পরিপ্রেক্ষিতে ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন।
ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সাত্তার বাংলাদেশ ব্যাংকের বিবেচনার জন্য বেশ কিছু সুপারিশ করেছেন। সুপারিশগুলো হচ্ছেÑ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের গৃহীত আর্থিক লোনের ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু করতে সুদমুক্ত বা স্বল্প সুদে, বিশেষ মেয়াদি ঋণ প্রদানের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান। ইতিমধ্যে যারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের মেয়াদি, ওয়ার্কিং ক্যাপিটাল ও ক্যাশ ক্রেডিট ঋণ গ্রহণ করেছেন, তাদের ঋণের সুদহার কমানোসহ বিশেষ বিশেষ ক্ষেত্রে ঋণের ধরনের ওপর ভিত্তি করে কিস্তি পরিশোধের সময়সীমা বৃদ্ধি করা। সে পর্যন্ত তাদের ঋণ ক্লাসিফায়েড হিসেবে ঘোষণা না করা এবং সরকারের বিদ্যমান বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি নিরূপণপূর্বক তাদের সহজশর্তে প্রদত্ত ঋণের আওতায় নিয়ে আসা।
ঢাকা চেম্বার সভাপতি বিশ্বাস করেন, ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক উপরোক্ত প্রস্তাবগুলো বিবেচনা করলে উদ্যোক্তাদের দ্রুত পুনর্বাসন করা সম্ভব হবে এবং এর সঙ্গে সম্পৃক্ত কর্মচারীদের জীবনযাত্রা স্বাভাবিক হবে।
