মেসিই জেতালেন পিএসজিকে

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:২৪ এএম

ফ্রেঞ্চ লিগে টানা দুই ম্যাচ হেরে চাপে ছিল পিএসজি। আর প্যারিসের দলটি খারাপ করলেই যেন সব দোষ লিওনেল মেসির! দল হারলে দুয়ো শোনেন তিনি নিজেদের সমর্থকদের কাছ থেকে। তবে শনিবার রাতে মেসিই হলেন পিএসজির ত্রাতা। গোল করে, গোল করিয়ে নিসের বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় এনে দিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন। টানা দুই ম্যাচ হারের পর এই জয়ে ৩০ রাউন্ড শেষে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দলের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে পিএসজি।

দিন যত যাচ্ছে মেসির পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদও ফুরিয়ে আসছে। গ্রীষ্মের দল-বদলে পিএসজি ছাড়তে পারেন মেসি এমন খবর ইউরোপিয়ান গণমাধ্যমে। তার মধ্যে রেনে ও লিওঁ’র সঙ্গে হারার পর মেসিকে উদ্দেশ্য করে দুয়ো দেন পিএসজি সমর্থকরা। অনেকের মতে মেসি ভালো পারফর্ম করছেন না। অথচ শনিবার মেসির গোলটি ছিল পিএসজির হয়ে এবারের লিগে ১৪তম। ২৬ মিনিটে মাঠের বা প্রান্ত দিয়ে নুনো মেন্দেসের পাস থেকে বক্সের ভেতর থেকে শটে গোল করেন মেসি। এই গোলে মেসি গড়েছেন নতুন রেকর্ডও। ইউরোপীয় ক্লাব ফুটবলে গোলের সংখ্যার দিক দিয়ে ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ইউরোপের ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচে ৭০১ গোল রোনালদোর। ৭০২ গোল নিয়ে মেসি ছাড়িয়ে গেলেন তাকে। মোট ৮৪৬টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। এখন আর ইউরোপের ক্লাবে খেলেন না রোনালদো। তাই মেসিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ আপাতত নেই তার সামনে।

দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়ানোর চেষ্টা করে পিএসজি। আক্রমণের ধারাবাহিকতায় ৭৬ মিনিটে কর্নার পায় পিএসজি। মেসির কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। তাতে আরও একটি মাইলফলক গড়েছেন মেসি। ক্লাব পর্যায়ে মোট ১ হাজার গোলে সরাসরি অবদান তার। ৭০২টি গোলের সঙ্গে অ্যাসিস্ট ২৯৮টি।

লিগে পিএসজির পরবর্তী ম্যাচ দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিপক্ষে। সমান ৩০ ম্যাচ শেষে পিএসজি ৬ পয়েন্টে এগিয়ে শীর্ষে। লেন্সের বিপক্ষে মৌসুমে প্রথম লেগে ৩-১ এ হেরেছিল পিএসজি।

পিএসজি কোচ গালতিয়ে বলেন, ‘আমরা চাপে আছি। এখানের জয়টা গুরুত্বপূর্ণ। তিনটি পয়েন্ট পেলাম। নিসের সঙ্গে জয়ের পর লাসেঁর বিপক্ষেও জয় চাই। শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে লড়াকু মানসিকতা নিয়েই নামব আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত